কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন মডেল উন্মুক্ত করেছে গুগল। জেমিনাই ৪ আরগন নামের এই মডেল বিশেষভাবে জটিল ও উচ্চমাত্রার কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে।
গুগলের দাবি, এটি প্রতিষ্ঠানের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে বড় ও শক্তিশালী এআই মডেল। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, কোডিং ও সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষায় আরগন প্রতিদ্বন্দ্বী এআই মডেলের সঙ্গে প্রায় সমপর্যায়ের সক্ষমতা দেখিয়েছে; বিশেষ করে ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ক্লড ওপাসের মতো মডেলের সঙ্গে প্রতিযোগিতায় এর সক্ষমতা দেখা গেছে।
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কয়েকটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানকে আরগন ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মডেলটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি। গুগলের নিজস্ব পরীক্ষার ফল অনুযায়ী, শিল্প খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ মানদ-ে আরগন অ্যাস্ট্রা ও ক্লড ওপাসের চেয়ে ভালো ফল করেছে।
তবে সব পরীক্ষায় এগিয়ে থাকতে পারেনি মডেলটি। গুগল প্রকাশিত চারটি কোডিং পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আরগন। গুগল জানিয়েছে, আরগন কয়েক মাস আগেই উন্মুক্ত করার পরিকল্পনা ছিল। কিন্তু এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের কারণে মডেলটি প্রকাশে বিলম্ব হয়।
নতুন মডেলটির মাধ্যমে জটিল কোডিং, সাইবার নিরাপত্তা ও অন্যান্য উচ্চমাত্রার প্রযুক্তিগত কাজে জেমিনির সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে গুগল।





















