স্পেনে আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই দেশটিতে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা মূলত ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার এক টেলিভিশন ভাষণে, নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এই সিদ্ধান্ত এলো।
গত এক সপ্তাহ ধরে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসনের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ চলছে। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়।
মাদ্রিদে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। বাড়ি ভাড়া বৃদ্ধির জের ধরে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়ার জেরে এই বিক্ষোভের শুরু হয়। তবে আগাম নির্বাচনের ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।





















