চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সাধারণত ভিন্নধর্মী সাজ ও ফটোশুটে নতুন নতুন লুকে দেখা যায়। এবার কনের সাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে এবারের ফটোশুটে চমক আরও বড়—বরের সাজে তার সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক আদর আজাদকে।
তাদের একসঙ্গে ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গা ও হলুদ ওড়নায় কনের সাজে দেখা যায় তাকে। কানে ও গলায় ভারী অলংকারে পূর্ণতা পেয়েছে তার সাজ। অন্যদিকে আদর আজাদকে দেখা গেছে লাল কাজ করা পাঞ্জাবিতে।
বর-কনের সাজে দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি পোজে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে মিষ্টি হাসিতে ছবি তুলেছেন তারা। তবে অপু বিশ্বাস ও আদর আজাদের এই সাজ বাস্তব জীবনের বিয়ের আয়োজন নয়। এটি একটি বিশেষ ব্রাইডাল মেকওভার ফটোশুট। অর্থাৎ, ফটোশুটের প্রয়োজনে বর-কনের সাজে দেখা দিয়েছেন তারা।
নিজের পোস্টে এই আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা। ’ ছবিগুলো প্রকাশের পর অপু-আদর জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাও দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, এক ফ্রেমে দুজনকে বেশ মানিয়েছে। কেউ কেউ আবার শাকিব খানের সঙ্গে অপুর জুটির প্রসঙ্গ টেনে আদর আজাদের সঙ্গে তার রসায়ন নিয়েও মন্তব্য করেছেন।
এমনকি কয়েকজনের দাবি, শাকিবের চেয়েও আদর আজাদের পাশে অপু বিশ্বাসকে বেশি মানিয়েছে। তবে ফটোশুটের এই ছবি থেকে বাস্তব জীবনে তারা বিয়ে করবেন কি না সে বিষয়ে জানা যায়নি কিছুই। প্রকাশিত তথ্য অনুযায়ী, এটি শুধুই ব্রাইডাল মেকওভার ও ফটোশুটের আয়োজন।






















