মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে আনুমানিক ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি। খবর পাওয়ামাত্র দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করছে বিজিবি।
এমনকি ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, দুর্গম ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল পরিবেশ দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব পালনে বাধা হতে পারে না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।





















