লক্ষ্মীপুরের কমলনগরে সেলিম উদ্দিন রমিজ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার আলী উদ্দিনের ছেলে।
এর আগে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন রমিজ। দলীয় সূত্রে জানা গেছে, সেলিম উদ্দিন রমিজ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০০৮ সাল থেকে প্রথমে ওই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পরে যুবলীগের সদস্য হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংরক্ষিত রয়েছে।
রমিজ উপজেলার চরবসু এলাকার পাটোয়ারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি করেন। সরকারি চাকুরির পাশাপাশি হঠাৎ আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যোগদানের বিষয়টি নিশ্চিত করে সেলিম উদ্দিন রমিজ বলেন, পরিস্থিতির শিকার হয়ে তিনি জামায়াতে যোগ দিয়েছেন।
এখন কোন দায়িত্বে নেই। শুধুমাত্র জামায়াত সমর্থক হিসেবে আছেন। এ বিষয়ে জানতে উপজেলা জামায়াতের আমির আবুল খায়েরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।






















