হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।
তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) অতিরিক্ত যাত্রীচাপের কারণে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি তাকে গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি এবং মারধরের হুমকি দেন। একই সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন।
এ সময় ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলার এজাহারে রয়েছে। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান।
পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


























