চাঁদাবাজি নিয়ে কথা বলায় রাজধানীর বাংলামোটরে পাম্পের গলিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় আতঙ্ক ছড়াতে কয়েক দফা ফাঁকা গুলিও ছোড়েন তিনি।
স্থানীয়দের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যান সাইমন। তখন বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরে ঘটনাস্থল থেকে সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
‎‎হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন। তিনি জানান, প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে স্বভা‌বিক রয়েছে।
দীর্ঘদিন ধরেই অফিস খুলে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ ছিল যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহম্মেদ সাইমন ও তার অনুসারীদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন তারা। এ নিয়ে ক্ষোভ রয়েছে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।





















