আবহাওয়ার পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুল করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ওয়েদারনেক্সট ৩’ উন্মোচন করেছে গুগল। মডেলটি প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট এলাকার আবহাওয়া সম্পর্কে আরও সূক্ষ্ম তথ্য দিতে পারবে।
গুগলের তথ্য অনুযায়ী, ওয়েদারনেক্সট ৩-এর পূর্বাভাস সার্চ, গুগল ম্যাপস ও জেমিনাইয়ের মতো সেবায় ব্যবহার করা যাবে। পাশাপাশি গবেষণা ও ব্যাবসায়িক কাজেও মডেলটি কাজে লাগানো সম্ভব হবে। প্রচলিত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থায় বায়ুম-লের পরিবর্তন বিশ্লেষণে জটিল গাণিতিক হিসাব ও বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। এআই প্রযুক্তি ব্যবহারের ফলে পুরোনো আবহাওয়ার বিপুল তথ্য বিশ্লেষণ করে তুলনামূলক দ্রুত পূর্বাভাস তৈরি করা সম্ভব হচ্ছে।
ওয়েদারনেক্সট ৩ এ সক্ষমতাকে আরও বাড়িয়েছে। গুগলের দাবি, আগের ওয়েদারনেক্সট ২-এর তুলনায় নতুন মডেলটির বৃষ্টির পূর্বাভাস দেওয়ার সক্ষমতা ৬০ শতাংশ উন্নত হয়েছে। এতে আগের সংস্করণের চেয়ে ২ দশমিক ৪ গুণ বেশি প্যারামিটার রয়েছে। মডেলটি নির্দিষ্ট আবহাওয়া স্টেশনের তথ্য ব্যবহার করেও পূর্বাভাস দিতে পারে। ফলে কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের গতিবেগ সম্পর্কে আরও স্থানীয় তথ্য পাওয়া সম্ভব হবে।
তাপমাত্রা ও আর্দ্রতার ক্ষেত্রে পাঁচ কিলোমিটার এবং বাতাসের মতো কিছু ভূপৃষ্ঠীয় তথ্য ১০ কিলোমিটার পর্যন্ত সূক্ষ্মতায় পূর্বাভাস দিতে পারবে মডেলটি। ওয়েদারনেক্সট ৩-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি আবহাওয়া স্যাটেলাইটের ছবি সরাসরি বিশ্লেষণ করতে পারে। প্রতি ঘণ্টায় স্যাটেলাইটের নতুন তথ্য মডেলটিতে যুক্ত করার সুযোগ থাকায় দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া শনাক্ত করে ঘন ঘন পূর্বাভাস দেওয়াও সম্ভব হবে।




















