জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. নুর হোসেন (৩০) নামের এক যুবককে মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনরত অবস্থায় নুর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালতে মাদক সেবনের দায়ে নুর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নুর হোসেন বকশীগঞ্জ পৌর শহরের ঝালরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে। প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় নুর হোসেনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে নুর হোসেন নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















