বান্দরবানের বলিপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদরসংলগ্ন বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পরপরই বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।
পরে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন বিজিবি সদস্যরা। বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম ও সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতার কারণে আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। এতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারের অন্যান্য দোকান ও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।



















