ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজ জমিতে গাঁজা গাছ চাষের অভিযোগে মো. রেজাউল ইসলাম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাঠে শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রেজাউল ইসলাম শেখ তার ভোগদখলীয় জমিতে দুটি গাঁজার গাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছ দুটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রেজাউল ইসলাম শেখ বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মৃত নিয়ত আলী শেখের ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।



















