কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ওই নারীকে কোস্ট গার্ডের বোটে করে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার অসুস্থ ভাগ্নীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এমভি রাজারহাট-বি’ নামের যাত্রীবাহী লঞ্চে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হাইমচর থানাধীন আখনের ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় ওই ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় কোস্ট গার্ড। তাদের বোটে করে ওই নারীকে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















