কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পুলিশ সদস্য আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে ওই হোটেলে অবস্থান করছিলেন, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য গত বৃহস্পতিবার সকালে হোটেলের ৪০১ নম্বর কক্ষে উঠেন।
পরে শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শুক্রবার বিকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো এবং ফ্যানের সাথে ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এ ঘটনায় হোটেলের কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাশাপাশি ওই পুলিশ সদস্য কারও সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কি না এবং মৃত্যুর আগে তার সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সব বিষয়ই তদন্তের আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি।






















