রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকজন শিক্ষার্থীকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে আরপি স্পেশাল পরিবহনের একটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নাটোরে যাত্রীদের গন্তব্যে না নিয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবাদের একপর্যায়ে বাসের এক স্টাফ এসএস পাইপের লাঠি হাতে তাদের ভয়ভীতি দেখান। পরে বাসটি রাজশাহীতে পৌঁছালে সেটি রুয়েট ক্যাম্পাসে আটকে রাখা হয়। রুয়েটের পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া জামান বলেন, সপ্তাহান্ত হওয়ায় ঢাকা-রাজশাহী রুটের বিভিন্ন পরিবহনে কোনো আসন পাওয়া যাচ্ছিল না। পরে তিনি ও তার পাঁচ সহপাঠী সিরাজগঞ্জের পাবনা রোড এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে আরপি স্পেশাল পরিবহনের একটি বাসে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করেন। তার ভাষ্য, বাসে অতিরিক্ত যাত্রী থাকায় বড়াইগ্রাম পর্যন্ত দাঁড়িয়ে যেতে হয়। বনপাড়ায় পৌঁছানোর পর বসার সুযোগ মিললেও রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নাটোরে পৌঁছে বাসের স্টাফরা জানান, বাসটি আর রাজশাহী যাবে না। সে সময় বাসটিতে প্রায় ২২ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। এ ঘোষণা শুনে যাত্রীরা প্রতিবাদ করলে বাসের এক স্টাফের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। জাকারিয়ার অভিযোগ, ওই স্টাফ অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে হাতে থাকা এসএস পাইপের লাঠি নিয়ে তাকে মারতে উদ্যত হন। একই সময় বাসচালক ঘটনাস্থল ছেড়ে চলে যান বলেও অভিযোগ করেন তিনি। পরে যাত্রীদের প্রতিবাদের মুখে নতুন চালক এনে বাসটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত স্টাফকে পরে পুঠিয়া এলাকার কাছাকাছি বাস থেকে নামিয়ে দেওয়া হয়। রুয়েটের প্রধান ফটকে পৌঁছানোর পর শিক্ষার্থীরা বাসটি আটকে দেন। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে উপস্থিত করে যাত্রীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে বাস কর্তৃপক্ষ জানায়, অভিযোগে অভিযুক্ত ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের কর্মী নন। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। এ বিষয়ে আরপি স্পেশালের সুপারভাইজার রাজিব বলেন, ঘটনাটি অভিযোগে বর্ণিতভাবে ঘটেনি। তার দাবি, বাস ছাড়তে বিলম্ব হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাঁদের প্রতিষ্ঠানের কর্মী নন; অন্য একটি পরিবহনের সঙ্গে যুক্ত। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজন হলে মালিকপক্ষের প্রতিনিধিরা এসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে উপস্থিত করে ক্ষমা না চাওয়ানো পর্যন্ত বাসটি ছেড়ে দেওয়া হবে না। তাদের আরও অভিযোগ, ‘অমি’ নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন এবং নিজেকে স্থানীয় ব্যক্তি হিসেবে পরিচয় দেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ভবিষ্যতে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
6:54 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
রুয়েটের শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে আটক আরপি স্পেশাল বাস
-
MIT ERP
- Update Time : 04:35:45 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post



















