লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ জোটে প্রায় ৫০টি দেশকে অন্তর্ভুক্ত করতে চায় রিয়াদ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে আল মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি উদ্যোগে ইতোমধ্যে মিসর, সুদান, জিবুতি ও সোমালিয়া যোগ দিতে সম্মত হয়েছে। এছাড়া তুরস্ক, কাতার, বাহরাইন, কুয়েত, পাকিস্তান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থানকে। সূত্রগুলোর দাবি, ওয়াশিংটনকেও এ জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারে।
একই সঙ্গে ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্র অংশ নিলে তারাও জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। আল মনিটরের তথ্য অনুযায়ী, সৌদি আরব চায় এই জোট শুধু হুথিদের হামলা প্রতিরোধেই সীমাবদ্ধ না থেকে লোহিত সাগরে জলদস্যুতা ও চোরাচালান দমনেও কাজ করুক।
এর আগে, গত ২০ জুলাই হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরব-সংশ্লিষ্ট সমুদ্রপথে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার কথা জানান। এর জবাবে বাব এল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় রিয়াদ।
পরবর্তীতে হুথি বিদ্রোহীরা দাবি করে, সৌদি আরবের অবরোধ লঙ্ঘনের অভিযোগে প্রতিশোধ হিসেবে তারা সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।






















