গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। এ সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাতের শুরুতে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এবং পারস্পরিক কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। পরে গাকৃবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সামগ্রিক অগ্রযাত্রার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ ও ২০২৬ সালে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এবং কিউএস র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস, গবেষণায় অর্জিত সাফল্য, কৃষি ও মৎস্য খাতে উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় প্রফেসর ড. আহমেদ মুস্তফা এবং টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি এবং পারদু ইউনিভার্সিটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব তুলে ধরেন। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানান। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি ফলপ্রসূ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সাক্ষাৎ শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য। পরবর্তীতে টিমোথি জে. ব্রুস গাকৃবির গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন।
9:04 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
গাকৃবি উপাচার্যের সঙ্গে অবার্ন ও পারদু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
-
MIT ERP
- Update Time : 06:36:42 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post


















