রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের উদ্যোগে ‘এমএসই ডে-২০২৬’ ও ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন মিট (আইএসিএম) ২.০’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্পোরেট কর্মকর্তা, বিভাগের অ্যালামনাই এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ২০ সিরিজের শিক্ষার্থীদের অংশগ্রহণে থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের গবেষণাভিত্তিক উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন। গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিল্পক্ষেত্রে সম্ভাব্য প্রয়োগ বিবেচনায় উপস্থাপনাগুলোর মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপনা, প্যানেল আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে শিল্প-একাডেমিয়া সহযোগিতা, গবেষণার সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা শিল্পখাতের বিশেষজ্ঞ, গবেষক ও কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। শিল্পখাতের বর্তমান চাহিদা, গবেষণার বাস্তব প্রয়োগ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. ইমরান হোসেন, ওয়ালটনের বি. মো. জামিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম, হলোপ্লাস সিস্টেম অ্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা এ. সামাদ আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী শাখার পিএসও নাসিম উদ্দিন আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সি. এম. মোস্তফা, রুয়েটের উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে এমএসই বিভাগের সঙ্গে চারটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো— এসিআই প্রিমিয়াফ্লেক্স, ইন্টারলিংক ইন্টারন্যাশনাল ক্রিস্টাল বায়োটেক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (বিআইপি) এবং হলোপ্লাস। আয়োজকদের মতে, এসব সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। সমাপনী পর্বে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের শিল্পখাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের ভাষ্য, এ আয়োজনের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও সুদৃঢ় করা এবং গবেষণাকে বাস্তব শিল্পখাতের সঙ্গে যুক্ত করা। তাঁদের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি দেশের শিল্পখাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1:49 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
রুয়েটে এমএসই ডে আয়োজন, চার শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
-
MIT ERP
- Update Time : 11:28:43 pm, Wednesday, 29 July 2026
- 2
Tag :



















