ব্যক্তিগত আর্থিক হিসাব-নিকাশ সহজ করার লক্ষ্যে ‘পার্সোনাল ফিন্যান্স’ নামের একটি নতুন টুল চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লড। এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা তাদের ব্যাংক ও ক্রেডিট কার্ডের হিসাব যুক্ত করে আয়-ব্যয়, লেনদেন, সঞ্চয় এবং সামগ্রিক আর্থিক অবস্থার নিখুঁত বিশ্লেষণ পাওয়ার সুযোগ পাবেন।
ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণের জন্য ক্লড ব্যবহারকারীর অনুমতি নিয়ে প্লেইডের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হবে। অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন এ টুলের মাধ্যমে ক্লড ব্যবহারকারীদের আর্থিক তথ্য শুধু পড়তে ও বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ ক্লডের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর, অর্থ ব্যবস্থাপনা কিংবা বিনিয়োগ করা যাবে না।
মূলত ব্যক্তিগত অর্থের গতিপ্রকৃতি বুঝতে এবং ব্যয়ের ধরন বিশ্লেষণ করতেই তৈরি করা হয়েছে টুলটি। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মাস শেষে সহজেই জানতে পারবেন কোন খাতে কত টাকা খরচ হয়েছে। যেমন, ‘এ মাসে আমার টাকা কোথায় খরচ হয়েছে? ’Ñএমন প্রশ্ন করলে ক্লড সংযুক্ত ব্যাংক ও কার্ডের লেনদেন বিশ্লেষণ করে বাড়িভাড়া, ইউটিলিটি বিল, খাবার, কেনাকাটাসহ বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব দেখাবে।
পাশাপাশি আগের মাসের তুলনায় ব্যয় বেড়েছে কি না, সেটিও জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু সাধারণ আয়-ব্যয়ের হিসাব নয়, সম্ভাব্য আর্থিক অসংগতিও শনাক্ত করতে পারবে টুলটি। একই লেনদেনের জন্য একাধিকবার টাকা কেটে নেওয়া, অপ্রত্যাশিত ফি কিংবা নিয়মিত বিলের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাওয়ার মতো বিষয়গুলো চিহ্নিত করতে পারবে ক্লড। ব্যবহারকারীর আয় ও ব্যয়ের তুলনা করে তিনি আয়ের চেয়ে বেশি খরচ করছেন কি না, সে সম্পর্কেও ধারণা দেবে।
এ ছাড়া আর্থিক বিভিন্ন পরিভাষা সহজ ভাষায় ব্যাখ্যা করার সুবিধা রয়েছে। যেমন, বার্ষিক সুদের হার বা এপিআর কী, কিংবা গত এক বছরে ঋণের সুদ বাবদ কত অর্থ পরিশোধ করা হয়েছেÑ এসব প্রশ্নেরও হিসাবসহ উত্তর দিতে পারবে ক্লড। ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও বিবেচনায় রেখেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্লড সংযুক্ত ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম ও ধরন, হিসাব নম্বরের শেষ চারটি সংখ্যা, ব্যালান্স, ক্রেডিট লিমিট এবং সর্বোচ্চ দুই বছরের লেনদেনের ইতিহাস দেখতে পারবে।
তবে পার্সোনাল ফিন্যান্স হাবে কথোপকথনের তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রো, ম্যাক্স ও আলট্রা প্যাকেজের গ্রাহকদের জন্য চলতি সপ্তাহে পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু হচ্ছে। এর আগে চলতি বছরের মে মাসে ওপেনএআই চ্যাটজিপিটিতে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার সুবিধা চালু করে।
ফলে ব্যক্তিগত আর্থিক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে এআই চ্যাটবটগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়ছে। সাধারণ পরামর্শ দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর প্রকৃত আর্থিক তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার দিকেই এগোচ্ছে এ প্রযুক্তি।





















