পাঁচ দফা দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ রোববার ১৬তম দিনে গড়িয়েছে। সকাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।
এদিকে অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরোধের সমর্থনে সকালে সাজেক সড়কের ওপর আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
স্থানীয়রা জানিয়েছেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। পর্যটক না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন পর্যটন খাতের সঙ্গে জড়িত অনেক মানুষ।
অন্যদিকে সাজেক সড়কে অবরোধ আরও জোরদার করতে ১০১ সদস্য বিশিষ্ট সাজেক সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি গঠন করেছে অবরোধকারীরা।
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ শুরু করে ইউপিডিএফ সমর্থিত সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ-অধিকার রক্ষা কমিটি।





















