আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী চার দিন গ্যাস সরবরাহ কমতে পারে।
এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
এতে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে। সংস্থাটি জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের মধ্যে সামিট এলএনজির একটি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য গ্যাস পুনরায় বাষ্পীকরণ (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
পেট্রোবাংলা আরও জানায়, এ সময় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সরবরাহ সাময়িকভাবে কমে গিয়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।























