সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী লোকাল বাসের বেপরোয়া গতির ধাক্কায় সাগর হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগর-কালীগঞ্জ মহাসড়কের বংশীপুর লস্কর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার একজন স্থায়ী বাসিন্দা এবং পেশায় দিনমজুর ভ্যানচালক। সকালে রুটি-রুজির সন্ধানে বের হয়ে সড়কে এভাবে অকালে প্রাণ হারানোয় তার পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে ভ্যানচালক সাগর হোসেন তার চার্জার ভ্যানটি নিয়ে রুটি রুজির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সকাল সাড়ে ৬টার দিকে।
বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের কিছু দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লোকাল বাস ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যান চলক সাগর রাস্তার পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধারের চেষ্টা চালান।
তবে মাথায় ও বুকে মারাত্মক আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাসটি নিয়ে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি শফিকুল ইসলাম পাটোয়ারী জানান, সকালে বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের সামনের সড়কে লোকাল বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















