গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের মতো বেশ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সভায় পানি, কৃষি, পরিবেশ, শক্তি, অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিসেম্বরের মধ্যেই গঙ্গা চুক্তি নবায়নের দাবি জানানো হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা পেতে দীর্ঘমেয়াদী সমঝোতার আহ্বান জানান বক্তারা।
এছাড়া, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, খরা মোকাবিলায় সেচ সুবিধা বাড়াতে নদ-নদী পুনরুদ্ধার এবং ২০ হাজার কিলোমিটার নদী খনন প্রকল্প চালুর দাবি তুলে ধরা হয়। পাশাপাশি নদী দূষণকারীদের তালিকা করে আইনের আওতায় আনা এবং বর্জ্য শোধনাগার স্থাপনে বাধ্য করারও দাবি জানানো হয় সমাবেশে।






















