ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দী এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিং ফিসার নামের যাত্রীবাহী বাসটি আড়কান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন। আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসেন ৭ শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।






















