জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে আরতি ও আনন্দ-উৎসব চলাকালে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের তালে নাচার সময় হঠাৎ অসুস্থ হয়ে মনোরঞ্জন চন্দ্র দাস (৫৫) নামে এক মন্দির কমিটির নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরসভার শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন। দীর্ঘ ৩৬ বছর ধরে শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। প্রত্যক্ষদর্শী ও পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার পিসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে পূজামণ্ডপে আনন্দ-উৎসব চলাকালে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের তালে নাচছিলেন মনোরঞ্জন চন্দ্র দাস। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মণ্ডপের সামনের সিঁড়িতে বসে পড়েন।
এ সময় উপস্থিত লোকজন তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, একই পূজামণ্ডপে সৌরভ ও নীরব নামে আরও দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়। শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস মনোরঞ্জন চন্দ্র দাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে গানের তালে নাচার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন।





















