পটুয়াখালীর দুমকি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইব্রাহিম মোল্লা (৫০) নামের এক দিনমজুর ও অটোচালককে জোরপূর্বক জমি দখল এবং বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মারাত্মক জখম অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে এই মারধরের ঘটনাটি ঘটে। আহত ইব্রাহিম মোল্লা ওই গ্রামের মৃত সেকান্দর মোল্লার ছেলে। পারিবারিক ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ। এরই জের ধরে রোববার সকালে জামাল মৃধা (৬০) মিজান মৃধা (৪৫) এবং হাসিব (১৮)সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ইব্রাহিম মোল্লার উপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করলে তার বাম চোখ গুরুতর জখম হয় এবং বাম হাত ভেঙে যায়। মারধরের পর আহত অবস্থায় ইব্রাহিম মোল্লা দুমকি থানায় উপস্থিত হলে পুলিশ তাকে দ্রত চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। জামাল মৃধাকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেনি তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ঘটনার দিন ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। আহত ব্যক্তির শারীরিক অবস্থা দেখে তাকে চিকিৎসার জন্য দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















