ঝিনাইদহে সার ডিলারদের অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সার সংকটের প্রতিবাদে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।
গতকাল রোববার পায়রা চত্বরে এ কর্মসুচিতে বক্তারা অভিযোগ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা, স্বজনপ্রীতি ও আত্মীয়করণকে প্রাধান্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠজন পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ দেওয়া হয়। এছাড়াও জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, নতুন সার্ভেয়ার হানিফসহ মোট সাতজনের নিয়োগে অনিয়ম হয়েছে। হানিফের নিয়োগে ২০ লাখ টাকা লেনদেন হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। জেলা নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা আমির ড. হাবিবুর রহমান ও শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন।





















