জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে আপনাদের শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সেই জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে এই বইটি প্রকাশ করেছি।
তিনি আরও বলেন, বইটি হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে। জানা গেছে, গত ১৬ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। রোববার ফাইনালে টঙ্গী একাদশ বনাম গিলাগড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের আয়োজন করে হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং ও সাধারণ সম্পাদক নাঈম হাজং প্রমুখ।





















