কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টে ১০ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রিসোর্টের মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় এই মামলা করে পুলিশ।
অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন তানভীর আহমেদ। তবে মামলার পর আটক ম্যানেজারকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
এরআগে শনিবার সকাল পৌনে ৭টার দিকে টুপটুপ রিসর্টে আগুন লাগে। এ ঘটনায় নিহত হন ১০ পর্যটক। তাদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য।
অগ্নিকাণ্ডে আহত ৭ জনের ৩ জন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ঘটনার পর থেকে রিসোর্ট মালিক পলাতক।
























