ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ও জনপ্রিয় মোহাম্মদ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারও নাম জানা না থাকলে তাকে শুধু ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে। তার দাবি, ৬৫ শতাংশ ক্ষেত্রে এই নামে ডাকলে তিনি ভুল প্রমাণিত হননি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ট্রাম্প।
ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ মন্তব্যের পর তিনি কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জানতে চান, তাদের কেউ প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান কি না। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্পের এ মন্তব্যে জনসভায় উপস্থিত শ্রোতাদের কাছ থেকে সামান্য প্রতিক্রিয়া দেখা গেলেও মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে তার বারবার করা অসম্মানজনক মন্তব্যের সমালোচনা করেছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান এবং তার দ্বিতীয় মেয়াদের নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও মুসলিমদের প্রতি বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।





















