শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাসহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ অঞ্চলের ছয় জেলার ১৮টি উপজেলার ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন উপকূলীয় এলাকাগুলোতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং দেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন। জরুরি প্রয়োজনে সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।






















