খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় সীমান্ত তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী (৩ বিজিবি)।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, কৌশলগত অবস্থানে থাকা টহলদলটি ১০–১২ জনের একটি সশস্ত্র দলকে সীমান্ত রাস্তা দিয়ে নেমে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর দিক-নির্দেশনায় ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে অস্ত্র পাচার প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি’র ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






















