দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) থেকে এই বন্ধ কার্যকর হবে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এ বাণিজ্য কার্যক্রম ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ থাকবে। আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর বন্দর খোলা থাকবে এবং এ সময় নিয়মিত বাণিজ্য চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দর পুনরায় নিয়মিত কার্যক্রমে ফিরবে। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আলাউদ্দিন জানান, ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে।






















