মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে। আহত অবস্থায় তাঁকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক অপু উপজেলার হরিশপুর গ্রামের জালালা হোসেনের ছেলে।






















