দেশের বরেণ্য নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলীতে অবস্থিত পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তার বোন আফিয়া খান। গণমাধ্যমে আফিয়া খান বলেন, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। টাঙ্গাইলে ফিরে থানায় অভিযোগ করেছেন। বাড়িটি তার বাবা-মায়ের খুব প্রিয় ছিল উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বাড়িতে থাকা তিনটি স্টিলের আলমারি, একটি কাঠের ওয়্যারড্রোব ও একটি ফাইল ক্যাবিনেট থেকে ঠিক কী কী চুরি হয়েছে, তা বুঝতে আরও সময় লাগবে।
আফিয়া খান আরও বলেন, দুর্বৃত্তরা বাড়ির অনেক ক্ষতি করেছে। ঘটনার ভিডিও দেখলে ক্ষয়ক্ষতির বিষয়টি বোঝা যাবে বলেও জানান তিনি। এ বিষয়ে মামুনুর রশীদ বলেন, দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও ফাইল ক্যাবিনেট ভেঙে জিনিসপত্র এলোমেলো করে ছড়িয়ে রেখেছে। তার প্রয়াত মা ওই বাড়িতে থাকতেন। চুরির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে তার বোনেরা এখনো বুঝে উঠতে পারেননি, ঠিক কী কী জিনিস খোয়া গেছে।
বাড়িতে কী ছিল আর এখন কী নেই, তা শনাক্ত করতে কিছুটা সময় লাগবে। জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় অবস্থিত বাড়িটির দেখাশোনার দায়িত্বে ছিলেন আফিয়া খানের পূর্বপরিচিত শফিকুর রহমান। কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তাকে বাড়িটি দেখভালের দায়িত্ব দিয়ে যান আফিয়া। শনিবার সকাল ৯টার দিকে বাড়িতে তালা দিয়ে বাইরে যান শফিকুর রহমান।
সে সময় বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে এসে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা অবস্থায় পাওয়া যায়। ওই আলমারিগুলোতে মামুনুর রশীদসহ তার নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। মামুনুর রশীদের বোন আফিয়া খান অভিযোগটি করেছেন।






















