চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের ২১ দিন পর প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।
এরপর প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন তিনি। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছে।






















