নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন। কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপলাইন লিকেজ হয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
























