ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তার মতে, খামেনিকে হত্যা ইসরায়েলের স্বার্থ রক্ষায় সহায়ক হয়নি।
গোলান বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনিকে হত্যা করা ভুল ছিল। কারণ এই হত্যাকা- ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে কাজ করেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিকের হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও নিহত হন। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। ধারণা করা হয়, বাবার তুলনায় মোজতবা ঝুঁকি নিতে বেশি আগ্রহী। ২০০৩ সালে আলী খামেনি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন। তার যুক্তি ছিল, এ ধরনের অস্ত্র ইসলামের শিক্ষার পরিপন্থি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যকেও অবাস্তব বলে মন্তব্য করেছেন গোলান।





















