এই প্রজন্মের মডেল ও অভিনয়শিল্পী চাঁদনী শেখ। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে একের পর এক নাটকে অভিনয় করছেন তিনি। এখন মূলত ছোট পর্দা ঘিরেই তার সব ব্যস্ততা হলেও বড় পর্দায় নিজ প্রতিভার দ্যুতি ছড়াতে যুক্ত হচ্ছেন সিনেমায়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ‘যাযাবর’ নামের নতুন সিনেমায় অভিনয় করেছেন। তানভীর হাসান পরিচালিত এই সিনেমায় চাঁদনী পর্দায় সঙ্গী হিসেবে পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। সিনেমাটির শুটিং শেষ করে প্রধান নায়িকা হিসেবে ‘ফিল্টার’ নামের নতুন আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চাঁদনী।
সাইমন তারিকের পরিচালনায় ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। অন্যদিকে, আসন্ন পূজায় ১৬ অক্টোবর চাঁদনী অভিনীত ‘চিরকুট’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী শ্যামল মাওলা। চাঁদনী জানিয়েছেন, বর্তমানে তার পুরো ধ্যান-জ্ঞান অভিনয়কে ঘিরেই। ছোট পর্দায় নাটকে অভিনয় দিয়ে এই অভিনেত্রীর শোবিজ যাত্রা শুরু হয়েছিল।
আর নাটক দিয়েই অভিনেত্রী হিসেবে নিজের অবস্থানটা শোবিজে পাকাপোক্ত করেছেন। এই অভিনয়শিল্পী বলেন, ‘মা-বাবার আগ্রহে ছোটবেলা থেকে অভিনয় ও নাচের চর্চাসহ সংস্কৃতির নানা শাখার সঙ্গে সম্পৃক্ততা ছিল আমার। তবে অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের দুর্বলতা। প্রথমবার বৈশাখী টিভির মেগা সিরিয়াল ‘ফ্যামিলি ডিস্টেন্স’-এ অভিনয় করে আলোচনায় আসি।
এরপর আরও বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। ’ নিজের বর্তমান ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘প্রতিদিনই নাটক তৈরি হচ্ছে। পুরোনোদের দলে নতুন নতুন শিল্পী যোগ হচ্ছে। এখানে ভালো মানসম্পন্ন কাজ করার মধ্য দিয়েই টিকে থাকতে হবে। আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে নাটক ও চলচ্চিত্রমাধ্যমে নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।
’ বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে চাঁদনী অভিনীত মেগা ধারাবাহিক নাটক জল জ্যোৎস্না, ম্যানেজ মাস্টার, তবুও জীবন, অচেনা আপনজন, বেগমপাড়া ইত্যাদি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন।





















