লক্ষ্মীপুরের রায়পুরে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ২০২৭ সালে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের জন্যও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কেরোয়া এম এম এ কাদের একাডেমির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা এবং এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া একাডেমির একজন বিদায়ী শিক্ষিকাকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা এম এম এ কাদের। প্রধান অতিথির বক্তব্যে এম এম এ কাদের বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখাও জরুরি।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত। তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করবে। ’ এ সময় তিনি ঘোষণা দেন, ২০২৭ সালে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন, একাডেমির সভাপতি অ্যাডভোকেট মনির, কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম দুলাল মোল্লা, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও রায়পুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরউদ্দিন জাবেদ। এ ছাড়া শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















