লালমনিরহাটের মহাসড়কে সকালে হাঁটতে বের হয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন দুই নারী পথচারী। শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের অভ্যাসমতো শনিবার ভোরে ফজরের নামাজ শেষ করে ফজিলা বেগম ও জহিলা বেগম মহাসড়কের কোল ঘেঁষে হাঁটতে বের হন। পথিমধ্যে রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তাদের ওপর উঠে যায়।
এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘাতক ট্রাকটি আটক করেন এবং থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






















