সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেছেন, নজরুলের গান, কবিতা ও দর্শন চর্চা করলে তরুণ প্রজন্ম বিপথগামী হবে না।
তাই শুধু নজরুল বর্ষেই নয়, সারা বছরজুড়ে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দিতে হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এস এম জিলানী বলেন, ‘নজরুল বর্ষ উপলক্ষে শুধু এক বছর নয়, আগামী বছর এবং সারা বছরব্যাপী নজরুলের দর্শন, গান ও কবিতার চর্চা হবে—এটাই প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী ও যুবসমাজ নজরুলের গান, কবিতা ও দর্শন নিয়ে চর্চা করলে তারা বিপথগামী হবে না। ’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে মাদকের ভয়াবহতা লক্ষ্য করছি।
সাহিত্যচর্চা, সংগীতচর্চাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়াতে পারলে ছাত্রসমাজ ও যুবসমাজকে মাদক থেকে রক্ষা করা সম্ভব। ’ উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি এস এম জিলানী।
নজরুল বর্ষ উপলক্ষে কোটালীপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, সহসভাপতি ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।























