চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শিশুটির বয়স আনুমানিক তিন বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৭ থেকে ৮ দিন আগের। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরোনো জাহাজভাঙা কারখানার দক্ষিণ-পশ্চিম পাশের উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানির সঙ্গে একটি অজ্ঞাত শিশুর মরদেহ উপকূলে ভেসে আসে। পরে স্থানীয়রা বিষয়টি নৌ পুলিশকে জানালে বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে গাউছিয়া কমিটির একটি উদ্ধারকারী দলের সহায়তায় মরদেহটি তীরে তোলা হয়। কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মো. ছমিউদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাগর উপকূল থেকে অর্ধগলিত অবস্থায় একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশুটির বয়স আনুমানিক তিন বছর। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।























