বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি, গতিশীলতা ও শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিজ কার্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইন।
সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সনদ সংশোধনী প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রে নিয়মিত সমন্বয় সভার আয়োজন এবং পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তিতে ফি আরও কমানোর বিষয়টি বিবেচনায় আনার তাগিদ দেন তারা।
স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তালেবের সঞ্চালনায় সমন্বয় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘স্বল্প জনবল ও সীমিত অর্থনৈতিক কাঠামোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের পথে এগিয়ে যাব।
’ এদিকে, বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বস্তুনিষ্ঠ ও গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণ করতে হবে।






















