গ্রুপ চ্যাটে নতুন সুবিধা নিয়ে এসেছে এআই এজেন্ট প্ল্যাটফর্ম ইনস্টিংক্ট। এখন ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাটে ইনস্টিংক্টের এআই এজেন্টকে যুক্ত করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রুপের অন্য সদস্যদের ইনস্টিংক্টে আলাদা অ্যাকাউন্ট না থাকলেও তারা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
ইনস্টিংক্টের নতুন এই সুবিধা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা যেতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা, অনুষ্ঠানের টিকিট সংগ্রহ, ফ্যান্টাসি লিগ পরিচালনা, কারপুলের ব্যবস্থা করা কিংবা কোনো আয়োজনের জন্য কে কী নিয়ে আসবেÑ এসব কাজ সমন্বয় করতে গ্রুপের মধ্যেই এআই এজেন্টকে কাজে লাগানো যাবে। সম্প্রতি ভোক্তা পর্যায়ের এআই বাজারে ইনস্টিংক্টের সঙ্গে প্রতিযোগিতা করছে মেটার মিউজসহ একাধিক এআই এজেন্ট।
ইনস্টিংক্টের নতুন গ্রুপ চ্যাট সুবিধা তাদের সেই প্রতিযোগিতায় আরও এগিয়ে দিতে পারে। মেটার মিউজে এখনো এ ধরনের সুবিধা নেই। তবে মেটার পুরোনো এআই অ্যাসিস্ট্যান্টকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও ফেসবুকের গ্রুপ চ্যাটে যুক্ত করা যায়। গ্রুপ চ্যাটে এআই ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে ইনস্টিংক্ট।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নোয়া শিন জানিয়েছেন, কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত ইনস্টিংক্ট এজেন্ট গ্রুপের এআই এজেন্টের সঙ্গে যুক্ত হওয়ার আগে অনুমতি চাইবে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কোনো গ্রুপকে বিশ্বাসযোগ্য হিসেবে নির্বাচন করতে পারবেন এবং পরবর্তী সময়ে সেই অনুমতিও বাতিল করতে পারবেন। গ্রুপের ইনস্টিংক্ট এজেন্ট ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আলাদা থাকবে।
ফলে এটি ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা তথ্য সরাসরি দেখতে পারবে না। কোনো তথ্য শেয়ার করা বা ব্যবহারকারীর হয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহারকারীর অনুমতি নেবে। গ্রুপে নতুন কোনো সদস্য যুক্ত হলে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। ওই সময় ব্যবহারকারীর ব্যক্তিগত এআই এজেন্টের কোনো উত্তর গ্রুপে পাঠানোর জন্য অপেক্ষমাণ থাকলে নতুন সদস্য যুক্ত হওয়ার পর সেটি সরাসরি শেয়ার করা হবে না।
এতে নতুন সদস্যের কাছে পুরোনো ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার ঝুঁকি কমবে। ইনস্টিংক্টের মতে, বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা করতে গিয়ে সাধারণত সময়, স্থান ও অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতে হয়। গ্রুপে এআই এজেন্ট থাকলে একই আলোচনার মধ্যে বিভিন্ন বিকল্প যাচাই, সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব হবে। নতুন সুবিধাটি আপাতত ইনস্টিংক্টের প্রাথমিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। যারা নতুন ফিচারটি আগে ব্যবহার করতে চান, তারা নিজেদের ইনস্টিংক্ট এজেন্টকে এ সুবিধা পরীক্ষার তালিকায় যুক্ত করার অনুরোধ করতে পারবেন।


























