আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। তার মতে, এক রাতেই প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই নৌপথ দিয়ে গেছে, যার কোনো অংশই ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি।
এদিকে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত পর্যালোচনা করছে ইরান। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দেওয়া হবে।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে মধ্যস্ততায় রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।






















