পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামের এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামে নিহতের বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে মিষ্টির দোকান ছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০৫ অক্টোবর) সুপ্রভাত মদক তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। বিকেলে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়ি চলে যেতে বলেন এবং পরে নিজে বাড়িতে ফিরবেন বলে জানান।
তবে এরপর থেকে তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে বিষয়টি জানান। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে হলুদের ক্ষেতে আগুনে ঝলসানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আমিনপুর থানার ওসি (তদন্ত) ফজলে এলাহী জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুপ্রভাত মদককে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।






















