ঝিনাইদহের মহেশপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর সরাণ সড়কে ২ কি.মি. সড়কের দুই পাশে তালের বীজ রোপন করা হয়।
টেকসই ক্ষুদ্র উদ্যোগ ও রূপান্তর Sustainable Microenterprise and Resilient Transformation – (SMART) প্রজেক্টের আওতাধীন এবং ‘টেকসই প্রবৃদ্ধি ও পরিচ্ছন্ন উৎপাদন অনুশীলনের জন্য ভ্যালু-অ্যাডেড ফল প্রচার’ (Promotion of Value-Added Fruits for Sustainable Growth and Instituting RECP Practices) সাব-প্রজেক্টের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাব।
সার্বিক সহযোগিতায় ছিল শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)। অনুষ্ঠানে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মো. সবুজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন SMART-HVC প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ শাহীন আলম, পরিবেশ ও সমাজকর্মী (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার) মো. আসলাম হুসাইন, এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পারভেজ মোশারফ এবং সহকারী টেকনিক্যাল অফিসার মো. তৌহিদুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য এবং উৎসাহী তরুণ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তালের বীজ বপন একটি অত্যন্ত কম খরচের ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এটি কেবল বজ্রপাত প্রতিরোধেই সাহায্য করে না, বরং পরিবেশ সংরক্ষণ, মাটির সুরক্ষা, গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যতে খাদ্য ও আয় সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরিবেশের সুরক্ষায় এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






















