রাজধানীর বিভিন্ন গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। সোমবার (৫ অক্টোবর) অটোরিকশা চলাচল বন্ধ রেখে নগরীর বিভিন্ন সড়কে তারা অবস্থান গ্রহণ করেন।
এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হয়েছে, অন্যদিকে অটোরিকশা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। অটোরিকশার ওপর যাতায়াতের জন্য বেশি নির্ভরশীল এলাকাগুলোতে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। ধর্মঘটের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
চালকদের সড়ক অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর সামগ্রিক যান চলাচলেও। বিভিন্ন স্থানে যানজট তৈরি হওয়ায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেন না নগরবাসী। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতেও বাড়তি সময় লাগছে। আন্দোলনরত অটোরিকশাচালকদের ভাষ্য, রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় অটোরিকশা চার্জ দেওয়া ও পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
এর ফলে তাদের আয়-রোজগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

























