একত্রে কাজ করতে গিয়ে প্রীতম ও শেহতাজের পরিচয় হয়। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন শেহতাজ। সেই গানের কাজের সময় তাদের পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা থেকে সম্পর্কটি প্রেমে রূপ নেয়।
দীর্ঘদিন প্রেম করার পর ২০২২ সালের ২৯ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। বিয়ের পর বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তাদের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না।
কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন প্রীতম ও শেহতাজ। পারস্পরিক বোঝাপড়ার পার্থক্যের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। রোববার (৪ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে তাদের বিচ্ছেদের কারণ জানিয়েছেন তারা। প্রীতম হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সে বিষয়টিও পরিষ্কার করেছেন প্রীতম। তিনি জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন প্রীতম। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন।
বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। একইভাবে শেহতাজও তার ফেসবুক পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনিও উল্লেখ করেছেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।
একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজনই। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানিয়েছেন তারা।
























