রাজধানীর সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
‎রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঙলা কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনিসহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন। ‎নির্বাচনে মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়। ‎নির্বাচনে সহসভাপতি পদে নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের সামিয়া সোয়া, সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সৈকত এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে রাসেল রানা নির্বাচিত হয়েছেন। ‎সভাপতি পদে এসএম মঈনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাসান তাওহীদ ও দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম।
‎সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব ও নাহিদ হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিসান আহমেদ কাব্য ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন। ‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় সামিয়া সোয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে শান্তা আক্তার ও আক্তারুজ্জামান সৈকত এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. তানভীর ও রাসেল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন।
‎এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে কামরুল হাসান রুমন, আরিফুল হাসান ও মো. এরফানুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ‎নির্বাচিত হওয়ার পর সভাপতি এসএম মঈন বলেন, সদস্যদের আস্থার মর্যাদা রেখে বাকসাসকে শুধু একটি সংগঠন হিসেবে নয়, সাংবাদিকতা চর্চার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করার পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিষয়, সম্ভাবনা ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে বাকসাস আরও কার্যকর ভূমিকা রাখবে।
‎সাধারণ সম্পাদক জিসান আহমেদ কাব্য বলেন, বাকসাসের কার্যক্রমে আধুনিকতার ছোঁয়া এনে সদস্যদের জন্য আরও কার্যকর ও গতিশীল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। নিয়মিত প্রশিক্ষণ, সাংবাদিকতা চর্চা ও সদস্যদের পারস্পরিক সহযোগিতা বাড়াতে আমরা কাজ করব। ‎বাঙলা কলেজে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে বাকসাসের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকরা। ‎নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।






















